ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি - BanglaScope News | Digital Bangla News Portal

সর্বশেষ

Home Top Ad

UAP_drhjoy

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের বড় উপস্থিতির তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ৮১টি নিবন্ধিত দেশীয় সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।

রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়।


ব্রিফিংয়ে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করে ইসি কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।


উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Post Bottom Ad

UAP_drhjoy