ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দল থেকে প্রার্থী রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৪৯ জন।
কত আসনে নির্বাচন
ইসি সূত্র জানায়, ২৯৮টি সংসদীয় আসনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থী সংখ্যা আগামী ২৭ জানুয়ারির পর চূড়ান্ত হবে।
দলভিত্তিক প্রার্থী সংখ্যা
দলীয় প্রার্থীর দিক থেকে এবার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—মোট ২৮৮ জন। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৩ জন) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (২২৪ জন)।
অন্যান্য উল্লেখযোগ্য দল
জাতীয় পার্টি (জাপা): ১৯২
গণঅধিকার পরিষদ (জিওপি): ৯০
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি): ৬৫
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ): ৩৯
বাংলাদেশ খেলাফত মজলিস: ৩৪
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩২
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): ৩০
বাসদ (মার্কসবাদী): ২৯
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: ২৬
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি): ২৬
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি): ২৩
এছাড়া ছোট ও মাঝারি দলগুলোর প্রার্থী সংখ্যা ১ থেকে ২০ জনের মধ্যে সীমাবদ্ধ।
স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা
এবার ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহু আসনে জয়-পরাজয়ের ব্যবধান নির্ধারণে স্বতন্ত্র প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
যারা নির্বাচনে নেই
নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে কয়েকটি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারছে না।
ভোটের দিন ও প্রস্তুতি
আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় পৌনে ১৩ কোটি ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

