ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান বিক্ষোভে সাধারণ মানুষের মৃত্যুর খবরের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, 'যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আসলে তার জবাব হবে কঠোর'।
রবিবার ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, “দেখা যাচ্ছে তারা ধীরে ধীরে সেই সীমা অতিক্রম করছে। এমন কিছু মানুষ নিহত হচ্ছে, যাদের নিহত হওয়ার কথা নয়।”
এছাড়া ট্রাম্প ইরানের নেতৃত্বের সমালোচনা করে বলেন, তারা আদৌ নেতা কি না, তা নিয়েই তার সন্দেহ রয়েছে। ট্রাম্প বলেন, ওরা সহিংসতার মাধ্যমে শাসন করে। আমরা খুব শক্ত কিছু বিকল্প বিবেচনায় নিচ্ছি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বিক্ষোভ চলাকালে কিছু মানুষ পদদলিত হয়ে নিহত হয়েছেন, আবার কেউ কেউ গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি আরও দাবি করেন, পরিস্থিতি সম্পর্কে তিনি প্রতি ঘণ্টার তথ্য পাচ্ছেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভ দমনে সহিংসতা আরও বাড়ায়, তবে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। “ইরান বড় বিপদে আছে,” বলেন ট্রাম্প। “কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি যে জনগণ কিছু শহরের নিয়ন্ত্রণ নিতে পারবে। আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” তিনি আরও বলেন, “আমরা এমন জায়গায় আঘাত করব, যেখানে সবচেয়ে বেশি কষ্ট হবে। এর মানে স্থলবাহিনী পাঠানো নয়, বরং এমন আঘাত, যা তাদের জন্য খুবই বেদনাদায়ক হবে।”
ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশটির অন্তত ১৯০টি শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মানবাধিকারকর্মীদের দাবি অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৯৬ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া গত দুই সপ্তাহে ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে আটক করা হয়েছে।
ইরান সরকার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বিক্ষোভকারীদের রক্ষায় হস্তক্ষেপ করে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইসরায়েলকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ইরান সরকার ব্যাপক ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এতে দেশটি কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি সরকার কঠোর শাস্তির হুমকিও জোরদার করেছে।
Desk/NoboDristi

