বিদেশ থেকে ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার - BanglaScope News | Digital Bangla News Portal

সর্বশেষ

Home Top Ad

UAP_drhjoy

বিদেশ থেকে ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম সোমবার রাত ১২টার সঙ্গে সঙ্গে শেষ হয় বলে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে।


ইসির পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।


প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২ জন), কাতার (৭৬ হাজার ১৩৯ জন) এবং ওমান (৫৬ হাজার ২০৭ জন)।


দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে মোট ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।


জেলা ভিত্তিক হিসাবে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে কুমিল্লায়—১ লাখ ১২ হাজার ৯০ জন। এর পরেই রয়েছে ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) ও চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)। আসনভিত্তিক হিসাবে শীর্ষে রয়েছে ফেনী-৩ আসন, যেখানে নিবন্ধিত ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৩ জন। চট্টগ্রাম-১৫ আসনে নিবন্ধন করেছেন ১৪ হাজার ৩০১ জন ভোটার।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বাধিক ২ লাখ ৭ হাজার ৯৪৩টি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে থাকা ভোটারদের কাছে।


আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার বাসসকে জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তিনি বলেন, ভোটারদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়া গেছে।


তিনি আরও জানান, যেসব ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, তারা আগামী ১০ জানুয়ারির মধ্যেই তা হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব। কেউ গোপনীয়তা ভঙ্গ করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।


এছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি পাওয়া যাওয়ায় তাদের সঠিক ঠিকানা জানানোর জন্য এসএমএস পাঠানো হয়েছে বলেও জানান সালীম আহমাদ খান।


উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকায় ভোট দিতে না পারা সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হয়েছে।


Desk/National/NoboDristi

Post Bottom Ad

UAP_drhjoy