আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল করেছেন। তবে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখ করা আয় ও সম্পদের তথ্যে স্পষ্ট অমিল দেখা গেছে।
২৭ বছর বয়সী সারজিস আলম হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে তিনি বছরে ব্যবসা থেকে ৯ লাখ টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেওয়া ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামায় ঘোষিত আয়ের প্রায় তিন গুণের বেশি। একই ব্যক্তির আয়ের ক্ষেত্রে এ ধরনের ভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
আয়ের পাশাপাশি সম্পদের হিসাবেও গরমিল রয়েছে। আয়কর রিটার্নে সারজিস আলমের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। অথচ হলফনামায় তাঁর সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে উল্লেখযোগ্যভাবে কম।
হলফনামা অনুযায়ী, সারজিসের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে জমা ১ লাখ টাকা। এ ছাড়া ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও সমপরিমাণ মূল্যের আসবাবপত্রের কথা উল্লেখ করেছেন তিনি। তবে তাঁর কোনো স্বর্ণালংকার নেই বলে হলফনামায় বলা হয়েছে।
স্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি দানসূত্রে পাওয়া সাড়ে ১৬ শতাংশ কৃষিজমির মালিক। জমিটি অর্জনের সময় এর মূল্য ছিল সাড়ে ৭ হাজার টাকা, তবে বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ টাকা। সব মিলিয়ে হলফনামা অনুযায়ী সারজিস আলমের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা।
Desk/Nobodristi

